
উপজেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হল রুমে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় দেখা গেল এক ভিন্ন আয়োজন। সারি সারি শিক্ষার্থী, হাতে নতুন স্কুলড্রেস- তাদের চোখেমুখে আনন্দের ঝিলিক। অনেকের চেহারায় যেন ফুটে উঠেছে নতুন স্বপ্নের আলো।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ হাজার ৫০০ শিক্ষার্থী পেল বিনামূল্যে স্কুলড্রেস। অনুষ্ঠানে প্রাথমিকভাবে ৬০ জন শিক্ষার্থীর হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। এতে দরিদ্র পরিবারের শিশুদের মনে ভর করেছে এক অদ্ভুত উচ্ছ্বাস।
শুধু পোশাক নয়, উপজেলার ৭০টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। আর কিশোরী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ১৫টি প্রতিষ্ঠানে একটি করে স্যানেটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাই আলোর পথ দেখায়। কেবল বই-পড়াই নয়, খেলাধুলাতেও শিক্ষার্থীদের আগ্রহী হতে হবে। তাহলেই তারা সুন্দর ও সুস্থভাবে বেড়ে উঠতে পারবে।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ।
এক শিক্ষার্থী হাসিমুখে বলল, আমাদের অনেকেই নতুন পোশাক কিনতে পারি না। আজ নতুন ড্রেস পেয়ে খুব ভালো লাগছে। তার মতো আরও অনেক শিশুর চোখে-মুখে ফুটে উঠল ভবিষ্যতের আশাবাদ।
শিক্ষা শুধু বইয়ের ভেতরে সীমাবদ্ধ নয়- এই বার্তা দিয়েই শেষ হলো অনুষ্ঠান। নতুন পোশাকের উচ্ছ্বাস, খেলাধুলার সরঞ্জামের প্রেরণা আর স্বাস্থ্য সুরক্ষার উদ্যোগে লক্ষ্মীপুর সদরে শিক্ষার্থীদের জন্য যেন খুলে গেল আলোর নতুন জানালা।
