
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে মাত্র ১২০ টাকার আবেদন ফিতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ২৪ জন তরুণ-তরুণী।
বুধবার (১০ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর পুলিশ লাইনস ড্রিলশেডে ফলাফল ঘোষণার পর তাদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। চাকরিপ্রাপ্তদের অধিকাংশই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় সফল হওয়ায় তাদের পরিবারও আনন্দিত।
ফলাফল ঘোষণার সময় প্রার্থীদের মধ্যে ছিল চরম উত্তেজনা। যখন পুলিশ সুপার মো. আকতার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়, তখন অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। চূড়ান্ত তালিকায় নিজের নাম শুনে সদ্য নিয়োগপ্রাপ্ত বাহার উদ্দিন শরীফ আনন্দে তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন।
লক্ষ্মীপুর সদরের দুর্গাপুর গ্রামের এই তরুণ জানান, “মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে চাকরি পেয়েছি। আমি অত্যন্ত খুশি এবং সততা, দেশপ্রেম ও জনগণের কল্যাণে কাজ করতে চাই।
বাহার উদ্দিনের বাবা, যিনি একজন খামারি, বলেন,আমি নিজে লেখাপড়া করতে পারিনি। অনেক কষ্ট করে সন্তানদের পড়ালেখা করাচ্ছি। আজ আমার ছেলের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি পেয়েছি, এতে আমি খুবই খুশি।
একইভাবে, নিয়োগপ্রাপ্ত সুমাইয়া আক্তার বলেন, ছোটবেলা থেকেই পুলিশের চাকরি করার স্বপ্ন দেখতাম। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। ফলাফল ঘোষণার সময় সুমাইয়ার মা আনন্দে কেঁদে ফেলেন।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন,ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সম্পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি জানান, ৯১০ জন প্রার্থীর মধ্য থেকে বিভিন্ন ধাপ পেরিয়ে ২৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে এবং আরও ৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, আশা করি, নবনিয়োগপ্রাপ্তরা জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করবে এবং জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করবে।
