চরকাচিয়ায় গৃহবধূর উপর অতর্কিত হামলা: ভিকটিম অচেতন, এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য

লেখক: Admin
প্রকাশ: ৭ মাস আগে

 

রায়পুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার, রায়পুর উপজেলার, ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের, ৪নং ওয়ার্ড, চরকাচিয়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্থানীয় গৃহবধূ মোসাঃ রিনা বেগম, পিতা—মোঃ আমির হরকার, সম্প্রতি একদল অজ্ঞাত দুর্বৃত্তের অতর্কিত হামলার শিকার হন। ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রিনা বেগম ঘরে অবস্থানকালে কে বা কাহারা পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তার চিৎকার শুনে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, রিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি এখনো জ্ঞান ফিরে পাননি। ফলে হামলাকারীদের পরিচয় বা হামলার কারণ সম্পর্কে তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি।এলাকাবাসীর একাধিক সূত্র জানায়, ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে তা সবাই জানলেও, কেউ মুখ খুলতে চাইছেন না। তারা নাম প্রকাশে অনীহা প্রকাশ করেছেন। অনেকেই ধারণা করছেন, পূর্ব পারিবারিক বা জমি-সম্পত্তি সংক্রান্ত বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত হতে পারে। স্থানীয়দের মধ্যে ভয় ও উদ্বেগ বিরাজ করছে। তারা মনে করছেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং যেই বা যারা এর সঙ্গে জড়িত, তাদের যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এদিকে রায়পুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে আহত রিনা বেগম চিকিৎসাধীন রয়েছেন, এবং তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন