কমলনগরে ৫০ শয্যার হাসপাতালে ২০০ রোগী: চিকিৎসাসেবা দিতে হিমশিম 

লেখক: Admin
প্রকাশ: ২ ঘন্টা আগে

 

কবির হোসেন রাকিব

​ স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (জনস্বাস্থ্য হাসপাতাল) প্রতিদিন ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগী সামাল দিতে গিয়ে চরম হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। ৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে ২০০ জনেরও বেশি রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। উপজেলার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার রোগীরাও এখানে সেবা নিতে আসায় রোগীর চাপ বেড়েই চলেছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালটিকে জরুরি ভিত্তিতে ১০০ শয্যায় উন্নীত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, নদীবেষ্টিত ও প্রত্যন্ত এলাকা হওয়ায় এই অঞ্চলের সাধারণ মানুষের প্রাথমিক ও একমাত্র ভরসাস্থল এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। প্রতিদিন সকাল থেকেই বহির্বিভাগে সেবা নিতে আসা রোগীদের দীর্ঘ সারি দেখা যায়। এ ছাড়া দূর-দূরান্ত থেকে আসা মুমূর্ষু ও জরুরি রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বহির্বিভাগের পাশাপাশি ইনডোরেও নিয়মিত শয্যার তুলনায় চারগুণ বেশি রোগী ভর্তি থাকায় মেঝেতেও ঠাঁই নিয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকে।
​রোগীর এই বিশাল চাপ সামলাতে দিন-রাত নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন হাসপাতালের ডাক্তার ও নার্সরা। সীমিত জনবল ও সাধ্যের সবটুকু দিয়ে চিকিৎসাসেবা স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। তবে অতিরিক্ত চাপের কারণে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর মারাত্মক শারীরিক ও মানসিক চাপ তৈরি হচ্ছে। ​এলাকাবাসীর আকুল আবেদন। স্থানীয় বাসিন্দারা জানান, জনসংখ্যার তুলনায় ৫০ শয্যা অত্যন্ত অপ্রতুল। আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও প্রতিদিন অসংখ্য রোগী এখানে ভালো চিকিৎসার আশায় আসেন। বর্তমান অবস্থা বিবেচনায় হাসপাতালটিকে অবিলম্বে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা এবং প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও চিকিৎসাসামগ্রী বৃদ্ধির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ প্রয়োজন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন