
নিজস্ব প্রতিবেদনঃ
লক্ষ্মীপুরে এক বৃদ্ধা নারীর জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে এক ইটভাটা মালিকের বিরুদ্ধে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন ভুক্তভোগী মমতাজ বেগম।
মমতাজ বেগম লক্ষ্মীপুর পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকার বাসিন্দা। সরেজমিনে গিয়ে দেখা যায়, এক্সকাভেটর দিয়ে তার জমিতে প্রায় ৭ থেকে ৮ ফুট গভীর গর্ত করে মাটি কেটে নেওয়া হয়েছে, যা বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগ।
অভিযুক্ত আমিন উল্ল্যাহ হাওলাদার সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত নুর সৈয়দ হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একটি ইটভাটা পরিচালনা করলেও ব্যাংক ঋণের দায়ে গত কয়েক বছর ধরে তা বন্ধ রয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, আমিন উল্ল্যাহর ইটভাটার পাশেই মমতাজ বেগমের জমি হওয়ায় পূর্বে তার স্বামী সিরাজ মিয়ার কাছ থেকে বার্ষিক চুক্তিতে জমিটি ভাড়া নেওয়া হয়েছিল। তবে ইটভাটা বন্ধ হওয়ার পর জমির ভাড়া দেওয়া বন্ধ করে দেন তিনি। সম্প্রতি জমির মালিককে না জানিয়ে ওই জমি থেকে মাটি কেটে অন্য ইটভাটায় বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে। বাধা দিলে সাময়িকভাবে কাজ বন্ধ রাখলেও পরে রাতের আঁধারে পুরো জমির মাটি কেটে নেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে অভিযুক্ত আমিন উল্ল্যাহর বক্তব্য নিতে গেলে তিনি সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে তিনি দাবি করেন, জমিটি তিনি ক্রয় করেছেন। তবে এ দাবির পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
