
স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ৯ মে দুপুরে ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শিমুল ভূঁইয়াসহ ১৯ জনকে আটক করা হয়। তারা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, চার শিক্ষার্থী হত্যা মামলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত ৪ রে-ই আগস্ট ২০২৪ইং তারিখে শহরের মাদাম ও তমিজ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও গুলি চালায়। এতে ছাত্র সাদ আলম আফনান, কাউছার হোসেন বিজয়, সাব্বির হোসেন, ওসমান গনি নিহত ও গুলিবিদ্ধসহ শতাধিক মানুষকে আহত করা হয়েছে।
