
প্রতিনিধি কমলনগর
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. পারভেজ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরলরেন্স ইউনিয়নের চরজাঙ্গালীয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ চরলরেন্স ইউনিয়নের ভক্তপাড়া গ্রামের বাসিন্দা মো. হানিফের ছেলে। সে কাদিরপণ্ডিতের হাট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেলে পারভেজ মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে ফজুমিয়ারহাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মিয়াপাড়া–ফজুমিয়ারহাট সড়কের চরজাঙ্গালীয়া অংশে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
