লক্ষ্মীপুর শহরের উন্নয়নে খালপাড় সংস্কারের দাবি, জেলা প্রশাসকের কাছে যুবকের খোলা চিঠি

লেখক: Admin
প্রকাশ: ৫ ঘন্টা আগে

শাকিল

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলা শহরের নাগরিক সুবিধা বাড়াতে খালপাড় উন্নয়ন ও বিনোদন কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেগঘন খোলা চিঠি দিয়েছেন স্থানীয় যুবক ও স্বেচ্ছাসেবক মাহবুব আলম নোমান।

চিঠিতে তিনি উল্লেখ করেন, লক্ষ্মীপুর শহরে পরিবার-পরিজন নিয়ে অবসর সময় কাটানোর মতো উপযুক্ত কোনো স্থান নেই। শহরের একমাত্র পৌর শিশুপার্ক থাকলেও সেখানে প্রায়ই উঠতি বয়সী ছেলে-মেয়েদের অসামাজিক কর্মকাণ্ডের কারণে পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে সময় কাটানো কঠিন হয়ে পড়ে।

চিঠিতে আরও বলা হয়, শিশুপার্কের পাশ দিয়ে প্রবাহিত রহমতখালী খালের মাদাম ব্রিজ থেকে ডায়াবেটিক হাসপাতাল ব্রিজ পর্যন্ত অংশটি দৃষ্টিনন্দনভাবে সাজানো হলে শহরবাসীর জন্য একটি সুন্দর ও নিরাপদ বিনোদনস্থল তৈরি হতে পারে।

প্রস্তাবে বলা হয়েছে, খালটি পরিষ্কার করে দুই পাশে জাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা যেতে পারে, যাতে পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকে। পাশাপাশি পর্যটকদের আকৃষ্ট করতে ছোট নৌকার ব্যবস্থাও চালু করার আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে দাবি করা হয়, পূর্বে বিষয়টি নিয়ে তৎকালীন জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হলেও তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি। তাই বর্তমান জেলা প্রশাসকের কাছে দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, খোলা চিঠিতে মাহবুব আলম নোমান জানান, এই প্রকল্প বাস্তবায়নে তিনি ব্যক্তিগতভাবে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন।

শহরবাসীর মতে, এমন উদ্যোগ বাস্তবায়িত হলে লক্ষ্মীপুরে একটি আধুনিক ও স্বাস্থ্যকর বিনোদন পরিবেশ গড়ে উঠবে, যা নাগরিক জীবনের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন