রায়পুরের চরবংশী ইউনিয়নের বটতলী এলাকায় খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

লেখক: Admin
প্রকাশ: ৩ ঘন্টা আগে

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের বটতলী এলাকায় অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় একটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা এই খাল পুনরায় খননের উদ্যোগে স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বটতলী এলাকায় আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অবৈধ দখলমুক্ত করে পর্যায়ক্রমে উপজেলার সব খাল পুনঃখনন করা হবে। কোনোভাবেই পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হতে দেওয়া হবে না। অনেক স্থানে খাল ভরাট হয়ে কৃষিজমিতে পরিণত হয়েছে, যা পরিবেশ ও জনজীবনের জন্য হুমকিস্বরূপ।

তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ, কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধি এবং মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার এ ধরনের খাল খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণে এ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চলতি অর্থবছরে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এ প্রকল্পের আওতায় চরবংশী ইউনিয়নের স্টিল ব্রিজ থেকে বটতলী হয়ে খাসেরহাট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘ্যের খাল পুনঃখনন করা হবে। দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভরাট হয়ে থাকা এ খাল পুনঃখননের ফলে চরবংশীসহ আশপাশের বিভিন্ন গ্রামের জলাবদ্ধতা দূর হবে, কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হাই খান, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফরুক আহমেদ কবিরাজ, ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ হাওলাদার, ইমাম হোসেন গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের সুনামধন্য সামাজিক সংগঠন Bangladesh Red Crescent Society-এর রায়পুর উপজেলা ইউনিটের প্রতিনিধিরা।

খাল খনন কাজের উদ্বোধন শেষে আব্দুল হক মেমোরিয়াল কলেজ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

এ উদ্যোগকে এলাকার মানুষ একটি সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন হলে চরবংশী ইউনিয়নের কৃষি, যোগাযোগ, পরিবেশ এবং সামগ্রিক জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটবে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন