
নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী রায়পুর ক্যাম্প ও রায়পুর থানা পুলিশের সহযোগিতায় শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে দক্ষিণ চরবংশী ইউনিয়নের পানিরঘাট এলাকায় ৫টি ড্রেজার মেশিন বিনষ্ট এবং প্রায় ৮০০ ফুট পাইপ জব্দ করা হয়। একই সঙ্গে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খান জানান, “মানবিক দিক বিবেচনা করে প্রথমবারের মতো আসামির নাম প্রকাশ করা হয়নি। তবে আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় স্থানীয় জনগণ উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
