
রায়পুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের অতি দূর্গম উপকূলীয় এলাকা পশ্চিম চর কাচিয়া (টুনুর চর) পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান কাউছার। দিনব্যাপী এ সফরে তিনি প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগণের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের নানাবিধ সমস্যা, সংকট ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শ্রবণ করেন।
এ সময় এলাকার কৃষিজীবী ও মৎস্যজীবীসহ কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরা হয়। বিশেষ করে যাতায়াতের জন্য উপযোগী সড়ক, ব্রীজ ও কালভার্ট নির্মাণ, একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, এ বিশাল জনগোষ্ঠীর সুপেয় পানির সংকট নিরসনে অতি শীঘ্রই ১০টি গভীর নলকূপ স্থাপন করা হবে। পাশাপাশি, এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, রায়পুর কর্তৃক পর্যায়ক্রমে প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামোগত ও মানবিক উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করা হয়।
উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব নিগার সুলতানা, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, হাজীমারা পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর, অত্র ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানদ্বয়, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই উদ্যোগকে স্থানীয় জনগণ একটি সময়োপযোগী ও আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে দেখছেন এবং দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
