প্রতিমা ভাঙচুরে জড়িত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

রায়পুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মুখে রুমাল বেঁধে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত ছেলেকে পুলিশের হাতে দিয়েছে বাবা।১৪ ই মার্চ শুক্রবার রাতে এমন ঘটনার সাথে জড়িত ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেন তার বাবা। ওই যুবকের নাম জাকির হোসেন (২৫)।

শনিবার (১৫ মার্চ) দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে রায়পুর থানার পুলিশ।খোঁজ নিয়ে জানা গেছে গ্রেপ্তার কৃত জাকির হোসেন রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের মনির আহাম্মদের ছেলে।

এঘটনার সম্পর্কে দৈনিক লক্ষ্মীপুরের কথা রায়পুর প্রতিনিধি জানতে চাইলে মনির আহাম্মদ জানান, ৮ থেকে ১০ বছর ধরে তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন। প্রায় সময় ছেলে বাড়ি থেকে বের হয়ে চলে যান। মন্দিরের প্রতিমা ভাঙচুরে ছেলের জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছ থেকে শুনেছেন। এরপর ছেলেকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে মুখে রুমাল বেঁধে রায়পুর পৌর শহরের শ্রীশ্রী মহামায়া মন্দিরে প্রতিমা ভাঙচুর করেন এক যুবক। মন্দিরের বাইরের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারী জাকির হোসেনকে শনাক্ত করা হয়। এ ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা বাদী হয়ে জাকির হোসেনকে আসামি করে মামলা করেন।

জাকির হোসেনকে শনাক্ত করার পর পুলিশ তাঁর বাবা মনির আহাম্মদকে বিষয়টি জানায়। ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করতে বলা হয়। এরপর ছেলের খোঁজ করতে থাকেন মনির আহাম্মদ। একপর্যায়ে তিনি জানতে পারেন, বাড়ির পাশের একটি সুপারিবাগানে অবস্থান করছেন জাকির। সেখান থেকে জাকিরকে ধরে এনে পুলিশের কাছে সোপর্দ করেন বাবা।

জানতে চাইলে রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিলুল হক সাংবাদিকেদের বলেন,ঘটনার পর পুলিশের কয়েকটি দল চরমোহনা গ্রামে অবস্থান করে। পরে বাবার সহযোগিতায় জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির প্রতিমা ভাঙচুরের বিষয়টি স্বীকার করেন যার ফলে মন্দিরে ভাংচুর ঘটনায় সত্য প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন