লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা মামলায় যুবলীগের ২ নেতা আটক

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

স্টাফ রিপোর্টারঃ

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা মামলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।  বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাঁদেরকে পাঠিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন সদর উপজেলা যুবলীগের সদস্য ও চররুহিতা এলাকার সিরাজুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম সুমন এবং কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়ন যুবলীগের সদস্য ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোসলেহ উদ্দিন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও পুলিশের উপর হামলার মামলায় যুবলীগের দুই নেতাকে আটক করা হয়েছে। তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আবদুল মোন্নাফ আরও বলেন, এই মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ইতিমধ্যে ছাত্র-জনতা ও পুলিশের উপর হামলা-মামলায় ৮২ জনকে আটক করে গ্রেফতার করা হয়। একাধিক শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি ও জেলা যুবলীগের সাবেক সভাপতি সালাউদ্দিন টিপুর ঘনিষ্ঠজন রেজাউল ইসলাম সুমন।

গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকার সামনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।
মামলা সূত্রে জানা গেছে, এ সময় জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে মুহুর্মুহু গুলি ছুড়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। নিজ বাসভবনের ছাঁদ থেকে প্রকাশ্যেই সালাউদ্দিন টিপু ও তাঁর সহযোগী গিয়াস উদ্দিন সোহাগসহ অন্যরা শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত হন। এ সময় তিন শতাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মীদের কে আসামি করা হয়েছে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন