লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

লেখক: Admin
প্রকাশ: ১০ মাস আগে

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা কাউছার আহমেদ নিহতের ঘটনায় পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত করেছে বিএনপি ও জামায়াত।বিএনপি সমর্থিদের হামলায় কাউছার আহমেদ নিহত হয়েছেন বলে দাবি করে দোষীদের শাস্তির দাবিতে সোমবার ৯ জুন দুপুরে লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা।

অন্যদিকে সামাজিক সমস্যার জের ধরে হামলার ঘটনাকে রাজনৈতিকভাবে নিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে একই দিন সংবাদ সম্মেলন করে বিএনপি। বিক্ষোভ মিছিল শেষে জামায়াত নেতারা দাবি করেন, জামায়াত নেতা কাউছার আহমেদকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর প্রশাসন মামলা নিতে গড়িমসি করেছে। গতকাল মামলা হওয়ার পরও এখনও কোন আসামি গ্রেফতার হয় নি। এ হত্যার সঙ্গে বিএনপি নেতাকর্মীরা জড়িত। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

উক্ত বিক্ষোভ মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. রেজাউল করিম, জেলা জামায়াতের সেক্রেটারী ফারুক হোসেন নুরুন্নবী, সহকারী সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী, শহর জামায়াতের আমির এড. আবুল ফারাহ নিশান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান হোসেন, শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন সহ আরও অনেকে।

অন্যদিকে সংবাদ সম্মেলন করে বিএনপি দাবি করেন, একটি সামাজিক সমস্যাকে রাজনৈতিক ভাবে নিয়ে গিয়ে জামায়াত নোংরামি করছে। বিষয়টি কোন দলীয় ইস্যু নয়। জামায়াত নেতা কাউছার আহমেদ এরআগেও দুইবার স্ট্রোক করেছেন, তিনি স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করতে পারেন। তাছাড়া একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। সেটাকে দলীয়করণ অত্যন্ত দুঃখজনক।

এসময় উপস্থিত, বিএনপির যুগ্ম আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা নিজাম উদ্দিন,এড. হাফিজুর রহমান, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ আরও অন্যান্য বিএনপির নেতা কর্মী ও সদস্য বৃন্দ। নিহত কাউছার আহমেদ রাজিবপুর এলাকার মৃত মমিন উল্যাহর ছেলে ও স্থানীয় জামায়াতের একটি ইউনিটের সভাপতি ছিলেন।

গত বৃহস্পতিবার বাংগাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামে প্রতিপক্ষের হামলা ও মারধরের শিকার হয়ে নিহত হন জামায়াত নেতা কাউছার আহমেদ। ঘটনার পর বিএনপি সমর্থিদের হামলায় কাউছার আহমেদ নিহত হয়েছেন বলে জামায়াত নেতারা দাবি করেছেন। অভিযোগের প্রেক্ষিতে বিএনপি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। এছাড়া রোববার রাতে নিহতের স্ত্রী শিল্পী বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা সোহাগ হোসেনসহ ১২জনের নাম উল্লেখ করে আরও ২০জনকে অজ্ঞাত আসামি করা হয়।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন