
দুর্জয় হোসেন চাঁন মিয়া
রায়পুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে দুই গ্রুপের দ্বন্দ্বে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বেড়িবাঁধ ও বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সাইজ উদ্দিন দেওয়ান (৪০) উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাষিয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তর চরবংশী ইউনিয়নে উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিএম শামীম ও উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের লোকজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এর জের ধরে দুই দফায় শামীম ও ফারুকের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ওই ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ সব অঙ্গসংগঠনের কার্যক্রম বিলুপ্ত। সোমবার আধিপত্য বিস্তার নিয়ে কৃষকদল নেতা শামীম গাজী ও ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচতি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ফারুক গাজীর লোকজন সংঘর্ষে জড়িত হয়।
এতে একজন মারা যান ও অন্তত ১২ থেকে ১৫ জনের মতো আহত হয়েছে। ঘটনার সময় বিল্লাল মাঝি, আবু তাহের মাঝি, জিহাদ হোসাইনের বসতবাড়িতে শামীমের অনুসারীরা ভাঙচুর ও লুটপাট করে। আহতদের মধ্যে অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও ঢাকা উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাম পায়ে জখমের চিহ্ন রয়েছে।রায়পুর উপজেলা বিএনপি আহবায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু বলেন, ৩ মাস আগে আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনায় আমরা ওই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যক্রম স্থগিত করেছি। এখন আবার সংঘর্ষে এক বিএনপিকর্মী মারা গেছেন।
সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল মো জামিলুল হক বলেন, সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং ১২ থেকে ১৫ জনের মতো আহত হওয়ার খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ঘটনাস্থলে আছি। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতয়ের পরিবারের স্বজনরা অভিযোগ দেওয়া হলে তদন্ত করে আসামী ধরা হবে বলে জানান।
