
ছাত্রদল নেতার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ, নিন্দা ও বিচারের দাবি
রায়পুর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক আইডি থেকে প্রচারিত একটি পোস্টকে কেন্দ্র করে দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জাতীয় দৈনিক প্রেজেন্ট টাইমস পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক রাকিব হোসেন সোহেল-এর ওপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রামগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবুর ও তার সহযোগীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জহির রায়হান বাবুরের সঙ্গে এক নারীর ছবি সংযুক্ত করে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে তিনি ওই পোস্টের জন্য সাংবাদিক রাকিব হোসেন সোহেলকে দায়ী করেন। যদিও সোহেল দাবি করেন, সংশ্লিষ্ট আইডিটি তার প্রতিষ্ঠানের নামে খোলা একটি ভুয়া বা ফেক আইডি, যা দীর্ঘদিন ধরে তার সংবাদপত্র ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালিয়ে আসছে।
সাংবাদিক রাকিব হোসেন সোহেল জানান, বিষয়টি নিয়ে তিনি পূর্বেই আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন। এ বিষয়ে তিনি লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। যার জিডি নম্বর-৬০৬, তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০২৫। পাশাপাশি তিনি নিজের অফিসিয়াল ফেসবুক আইডি ও পেজে সতর্কতামূলক পোস্ট প্রকাশ করে জনসাধারণকে ভুয়া আইডি সম্পর্কে অবহিত করেন।
তবে অভিযোগ রয়েছে, বিষয়টির সত্যতা যাচাই না করেই জহির রায়হান বাবুর সাংবাদিক সোহেলকে ফোন করে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে দেখা করতে বলেন। পরবর্তীতে সেখানে উপস্থিত হলে তাকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে হেনস্তা, ভয়ভীতি প্রদর্শন এবং শারীরিক নির্যাতনের শিকার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৩১ মে ২০২৬, রবিবার বিকেল প্রায় পৌনে ৪টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনের পূর্ব পাশের একটি গলিতে সিসিটিভি ক্যামেরার সামনেই সাংবাদিক রাকিব হোসেন সোহেলকে টানাহেঁচড়া করে নিয়ে গিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকজন আইনজীবী এগিয়ে এসে হামলাকারীদের হাত থেকে সাংবাদিককে উদ্ধার করেন এবং জেলা আইনজীবী সমিতির হলরুমে নিরাপত্তা প্রদান করেন। পরে তাকে সিএনজি যোগে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার ভর্তি রেজিস্ট্রেশন নম্বর-৪৫৫৬/৩২, তারিখ: ৩১ মে ২০২৬।
জানা যায়, সাংবাদিক রাকিব হোসেন সোহেল লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পেশাগত সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। বর্তমানে তিনি দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন এবং একইসঙ্গে জাতীয় দৈনিক প্রেজেন্ট টাইমস পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, “Journalist দৈনিক লক্ষ্মীপুরের কথা” নাম ব্যবহার করে অজ্ঞাতনামা ব্যক্তি বা চক্র সাংবাদিকের ছবি বিকৃত করে, মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করে আসছে। এমনকি তার সংবাদ, মোবাইল নম্বর, জিমেইল আইডি এবং পত্রিকার লোগো ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ফলে তিনি সামাজিক, পেশাগত ও মানসিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
সাংবাদিক রাকিব হোসেন সোহেল বলেন, “আমার প্রতিষ্ঠানের নাম ও পরিচয় ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অপপ্রচার চালিয়ে আসছে। আমি বিভিন্নভাবে চেষ্টা করেও ওই ভুয়া আইডির প্রকৃত পরিচয় শনাক্ত করতে সক্ষম হইনি। তাই আইন প্রয়োগকারী সংস্থার কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।”
এদিকে ভুয়া ফেসবুক আইডির অপপ্রচারকে কেন্দ্র করে একজন দায়িত্বশীল সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাংবাদিক সমাজ, সুশীল সমাজ এবং সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্ট মহল মনে করে, স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করতে এবং সত্য প্রকাশে বাধা সৃষ্টি করতেই এ ধরনের ন্যাক্কারজনক হামলা সংঘটিত হয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে বৃহত্তর সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে। মানববন্ধনসহ ধারাবাহিক গণআন্দোলনের মাধ্যমে এ ঘটনার বিচার আদায়ের ঘোষণা দিয়েছেন তারা।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।
