
নিজস্ব প্রতিবেদকঃ উপ- শিরোনাম: গাজীপুরে সাংবাদিককে গলা কেটে হত্যা আরেক সাংবাদিকের পা থেঁতলে দিল সন্ত্রাসীরা
গাজীপুরে মাত্র এক দিনের ব্যবধানে পৃথক দুটি হামলায় এক সাংবাদিক নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন, যা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ‘দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি ফুটপাতের চাঁদাবাজি নিয়ে ফেসবুকে একটি লাইভ ভিডিও সম্প্রচার করেছিলেন। রাত ৮টার দিকে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় সন্ত্রাসীরা প্রকাশ্যে তার ওপর হামলা চালায়। পুলিশ জানিয়েছে, খুনিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগের দিন, বুধবার বিকেলে, গাজীপুর সদর থানার কাছে ‘দৈনিক বাংলাদেশের আলো’ পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে সন্ত্রাসীরা প্রকাশ্যে নির্মম ভাবে নির্যাতন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যের উপস্থিতিতেই তাকে লাঠি দিয়ে পেটানো হয় এবং পাথর দিয়ে তার পা থেঁতলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
