কমলনগরে নির্মানাধীন ভবন থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

লেখক: Admin
প্রকাশ: ৩ মাস আগে

কামরুল ইসলাম

কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে একটি নির্মাণাধীন ভবন থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এর আগে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ কল পেয়ে ওই ভবন থেকে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, দুটি বগি দা, পাঁচটি ধারালো ছুরি এবং পাঁচটি লোহার পাইপ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার চৌধুরী বাজার এলাকা থেকে নুরুল আবছার নামে এক ব্যক্তিকে অজ্ঞাত পরিচয় কয়েকজন যুবক অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীরা তাকে চরলরেন্স ইউনিয়নের ওই নির্মাণাধীন দ্বিতল ভবনের একটি কক্ষে হাত-পা বেঁধে আটকে রাখে এবং মুক্তিপণের দাবিতে রাতভর অমানুষিক নির্যাতন চালায়। রোববার সকালে ভুক্তভোগী আবছার কৌশলে বন্দিদশা থেকে বের হয়ে ৯৯৯-এ কল দিয়ে ঘটনাটি পুলিশকে জানান।

খবর পেয়ে কমলনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নুরুল আবছারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। পরবর্তীতে তাকে সঙ্গে নিয়ে ওই ভবনে তল্লাশি চালিয়ে কক্ষের ভেতরে লুকিয়ে রাখা দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পুলিশের উপস্থিতি টের পেয়ে নির্যাতনকারী দুর্বৃত্তরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন