
রামগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে ১৪ জুন ২০২৫ তারিখে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। রামগঞ্জে বাস কাউন্টারগুলোতে অভিযানের সময় অতিরিক্ত ভাড়ার প্রমাণ না পাওয়া গেলেও ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি পরিবহনকে ৫০০ টাকা জরিমানা করা হয় এবং একটি পরিবহনের কাগজপত্র জব্দ করা হয়।
জকসিন বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জোনাকি বাসসহ কয়েকটি বাস সার্ভিসের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলায় মোট ৮,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি, বটতলী ও হাজিরপাড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জোনাকি পরিবহনকে ২,০০০ টাকা জরিমানা করা হয় এবং জোনাকি ও ইকোনো পরিবহনের প্রায় ৫০ জন যাত্রীকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়। রামগতি উপজেলার আলেকজান্ডার বাজার এলাকায় পরিচালিত অভিযানে ১২টি মামলায় মোট ১২,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং সিএনজি অটোরিকশা যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে এই অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
