
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
মোঃ দুর্জয় হোসেন চাঁন মিয়া
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের প্রত্যন্ত অঞ্চলের অজপাড়াগাঁয়ে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিকদার কান্দি আদর্শ স্কুল আজ চরম ঝুঁকির মধ্যে রয়েছে। প্রায় ৬০০ শিক্ষার্থী ও ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি জেলার সুনাম অর্জন করে আসছে। সরকারি ও বেসরকারি ভিত্তি এবং বোর্ড পরীক্ষায় একাধিকবার সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে বিদ্যালয়টি।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিদ্যালয় প্রাঙ্গণের পাশে একটি পল্লী বিদ্যুতের খুঁটি হেলে গিয়ে বিদ্যালয়ের দিকে ঝুঁকে পড়েছে। বৃষ্টির সময় বিদ্যুতের তার বিদ্যালয়ের ছাদ ও আঙিনার ওপর পড়ায় শিক্ষার্থীরা সবসময় আতঙ্কের মধ্যে থাকে। ইতোমধ্যে একবার বিদ্যুতের তার স্পৃষ্ট হয়ে একজন ছাত্রী গুরুতর আহত হয় এবং ভয়াবহ দৃশ্য দেখে অপর এক শিক্ষার্থী মূর্ছা যায়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ কাজী জানান, বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়া জরুরি। তিনি আরও বলেন, “শিক্ষার্থী ও শিক্ষকদের জীবন নিরাপত্তা নিশ্চিত করতে পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত খুঁটি সরিয়ে নেওয়ার অনুরোধ করছি।”
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টি একনায়কতান্ত্রিক ও পারিবারিক আধিপত্যের কারণে একাধিক অংশীদার থাকা সত্ত্বেও ২-৪ জন ব্যক্তি অর্থনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নিজেদের মতো করে নেন। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রতিষ্ঠানের নানা কার্যক্রম অধিকাংশ অংশীদার বাদ দিয়ে একক সিদ্বান্ত নেওয়ার কারণে প্রায়ই বিরোধ দেখা দেয়। এ ছাড়া পল্লী বিদ্যুতের কর্মীরা সমস্যাটি সমাধান করতে এলে স্থানীয় প্রভাবশালীরা নানাভাবে বাধা সৃষ্টি ও হুমকি-ধমকি দেন বলে অভিযোগ রয়েছে।
শিক্ষার্থীদের প্রাণনাশের ঝুঁকি বিবেচনায় এলাকার সচেতন মহল অবিলম্বে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ খুঁটি অপসারণ এবং বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
