লক্ষ্মীপুর–২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার নির্বাচনী ইশতেহার ঘোষণা

লেখক: Admin
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

মোঃ দুর্জয় হোসেন চাঁন মিয়া, রায়পুর প্রতিনিধি
দৈনিক লক্ষ্মীপুরের কথা

লক্ষ্মীপুর–২ (রায়পুর ও সদর আংশিক) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. আবুল খায়ের ভূঁইয়া তার বহুল প্রত্যাশিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, জনজীবনের মানোন্নয়ন এবং একটি নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গঠনের সুস্পষ্ট অঙ্গীকার তুলে ধরেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় রায়পুরের একটি স্থানীয় চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়। এ সময় বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
ঘোষিত ইশতেহারে লক্ষ্মীপুর–২ আসনের দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে একাধিক উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ ও জিও-ব্যাগ স্থাপনের মাধ্যমে নদীভাঙন রোধ, যুবসমাজের জন্য কারিগরি ও আইটি প্রশিক্ষণের ব্যবস্থা করে কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের জন্য উন্নত বীজ, সার ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা।
এ ছাড়া শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মান উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
ইশতেহারে আরও বলা হয়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। একই সঙ্গে নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, শিশু ও তরুণদের খেলাধুলা ও বিনোদনের সুযোগ সম্প্রসারণ এবং একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংবাদ সম্মেলনে আবুল খায়ের ভূঁইয়া বলেন,
“লক্ষ্মীপুর–২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে এই এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতজন নেতা-কর্মী ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন। তাদের এই যোগদানকে তরুণ সমাজের আস্থা ও সমর্থনের প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন