
রায়পুর প্রতিনিধি: অভিযানে পরিচালনা করে ৬ জন ডাকাতকে আটক করেছে রায়পুর থানার পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি, দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২১ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে রায়পুর থানাধীন ০৩নং চরমোহনা ইউনিয়নের বাসাবাড়ি থেকে হায়দরগঞ্জগামী সড়কের ‘সলিং-এর মাথা’ নামক স্থানে পাকা রাস্তায় একটি সিএনজি যোগে আসা ডাকাত দল অটোরিকশা চালক মোঃ মমিন (৩৭)-এর গাড়ি থামিয়ে তাকে জোরপূর্বক ছিনতাইয়ের শিকার করে।
ভিকটিম মোঃ মমিন লক্ষ্মীপুর সদর উপজেলার ২০নং চররমনী ইউনিয়নের বাসিন্দা। ডাকাতরা তার কাছ থেকে itel P40 মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি মানিব্যাগ (নগদ ৬৮০ টাকা ও জাতীয় পরিচয়পত্রের ছায়াকপিসহ) ছিনিয়ে নেয়।
ঘটনার সময় টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমের কাছ থেকে বিস্তারিত শুনে তাৎক্ষণিক ধাওয়া করে ডাকাত দলের ব্যবহৃত সিএনজিটি আটক করে। এ সময় সিএনজিতে থাকা ৬ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— রিমন হোসেন (২০), মোঃ নাবিল হোসেন (২২), মোঃ নয়ন হোসেন (২০), মোঃ শাকিব হোসেন (২০), মোঃ রাকিব (২০) এবং জিদান (১৫)। সকলেই রায়পুর থানাধীন বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ তাদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার, ১টি ধাতব নাকল আসামীদের ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি সিএনজি এবং ভিকটিমের লুণ্ঠিত মানিব্যাগ (নগদ ৬৮০ টাকা ও জাতীয় পরিচয়পত্রের ছায়াকপিসহ) উদ্ধার করে।
রায়পুর থানা পুলিশ জানায়, আটক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
