
মোঃ দুর্জয় হোসেন চাঁন মিয়া, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : দৈনিক লক্ষ্মীপুরের কথা।
লক্ষ্মীপুর–২ (রায়পুর ও সদর আংশিক) আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা রুহুল আমিন ভূঁইয়া তাঁর ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
গত রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক মতবিনিময় সভার মাধ্যমে তিনি এ ইশতেহার জনসমক্ষে তুলে ধরেন।
ইশতেহারে তিনি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার বিস্তৃতি ও নিশ্চিতকরণ, প্রশিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নসহ এলাকার সার্বিক উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ শতভাগ নিশ্চিত করা, স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা এবং গ্রামীণ সড়ক পাকাকরণের পরিকল্পনার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার, স্থানীয় কৃষিশিল্পের উন্নয়ন, মৎস্য সম্পদ বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু মোকাবিলা, পর্যটন ও ক্রীড়া–সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, ধর্মীয় স্থাপনার উন্নয়ন এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখযোগ্য প্রতিশ্রুতি হিসেবে খাস জমি ও চরাঞ্চলের ভূমি বন্দোবস্ত, মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রেল ও নৌ যোগাযোগ চালু এবং প্রতিটি ইউনিয়নে সালিশি কমিটি গঠনের বিষয়টি ইশতেহারে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
এ সময় তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সামনে রেখে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে। নির্বাচিত হলে তিনি এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
