ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবদল নেতা বেল্লাল হোসেন

লেখক: Admin
প্রকাশ: ১ দিন আগে

রায়পুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবদল নেতা ও স্থানীয় ব্যবসায়ী বেলাল হোসেন মিশরী (৫০)। বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে রায়পুর বাজারের মেইন রোডে একটি ফলের দোকানের সামনে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বয়াতির ছেলে আরমান (৩৫) রিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে কবির মুহুরি (৫৫) নামের এক বৃদ্ধের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিষয়টি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠলে সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বেলাল হোসেন মিশরী।
কিন্তু ঘটনার একপর্যায়ে হঠাৎ ক্ষিপ্ত হয়ে আরমান বেলাল হোসেনের বুকে মুষ্টিবদ্ধ হাতে আঘাত করেন। আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই বেলাল হোসেন মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। উপস্থিত স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বেলাল হোসেন মিশরী রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং একজন পরিচিত স্থানীয় ব্যবসায়ী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য, সহকর্মী ও এলাকাবাসী এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভেঙে পড়েছেন।
বেলাল মিশরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই হেলাল হোসেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আরমানকে আটক করার চেষ্টা চলছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝগড়া মীমাংসা করতে গিয়ে একজন মানুষের এমন করুণ মৃত্যু পুরো এলাকাবাসীকে স্তব্ধ করে দিয়েছে। অনেকেই বলছেন—যে মানুষটি শান্তি ফেরাতে এগিয়ে গিয়েছিলেন, তিনিই আজ সহিংসতার নির্মম শিকার হলেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন