রায়পুর প্রতিনিধি:লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় কৃষকদের স্বার্থরক্ষায় এক ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জব্দকৃত জ্বালানি তেল কৃষকদের মাঝে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) পরিচালিত এ কার্যক্রমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি সরকারি রাজস্ব আদায়ের পথও সুগম হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মজুদ ও বিক্রির অভিযোগে বিভিন্ন সময় জব্দ করা জ্বালানি তেল দীর্ঘদিন সংরক্ষণ করে নষ্ট না করে তা জনস্বার্থে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষি মৌসুমে সেচ কার্যক্রম সচল রাখতে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং একই সঙ্গে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
এ উদ্যোগের ফলে একদিকে কৃষকরা বাজারমূল্যের তুলনায় কম দামে প্রয়োজনীয় জ্বালানি তেল সংগ্রহের সুযোগ পেয়েছেন, অন্যদিকে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে রাষ্ট্রীয় রাজস্বও নিশ্চিত করা হচ্ছে। প্রশাসনের এমন বাস্তবমুখী পদক্ষেপে স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক সন্তোষ ও স্বস্তি বিরাজ করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আঃ সাওার, রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিক ভূঁইয়া, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন,
“কৃষকের স্বার্থরক্ষায় উপজেলা প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। জব্দকৃত তেল সঠিক ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ায় তারা সরাসরি উপকৃত হবেন। ভবিষ্যতেও জনকল্যাণে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”
উপজেলার একাধিক কৃষক জানান, বাজারে জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে সেচ ব্যয় দিন দিন বেড়ে যাচ্ছিল, যা তাদের জন্য বড় ধরনের চাপ সৃষ্টি করেছিল। প্রশাসনের এই সময়োপযোগী সিদ্ধান্তে তারা অনেকটাই স্বস্তি পেয়েছেন এবং কৃষি উৎপাদনে নতুন আশার সঞ্চার হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, জব্দকৃত পণ্য জনস্বার্থে ব্যবহার এবং একই সঙ্গে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার মতো উদ্যোগ প্রশাসনিক দক্ষতা ও দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত। এতে যেমন কৃষকরা লাভবান হচ্ছেন, তেমনি রাষ্ট্রীয় সম্পদেরও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হচ্ছে।
উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় বিক্রয়কৃত জ্বালানি তেল থেকে প্রাপ্ত সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে। রায়পুরে প্রশাসনের এমন মানবিক ও কৃষকবান্ধব উদ্যোগ স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com