রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
রক্তদানকে কেন্দ্র করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মানবিক ছাত্রদল নেতা আজহারুল আলম সজীব। তিনি একাই এখন পর্যন্ত ৬০০-এরও বেশি ব্যাগ রক্তের ব্যবস্থা করেছেন অসুস্থ মানুষের জন্য। পাশাপাশি ব্যক্তিগতভাবে ৯ বার রক্তদান করে মানবিকতার নজির গড়েছেন।
আজহারুল আলম সজীব রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য এবং ৮নং ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক কাজে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন। এ কারণে রায়পুরের সর্বস্তরের মানুষের ভালোবাসার জায়গা করে নিয়েছেন তিনি।
স্থানীয়রা জানান, আত্মীয়স্বজন কিংবা পরিচিত কারও রক্তের প্রয়োজন হলে সবার আগে সজীবের কথাই তাদের মনে পড়ে। চরকাছিয়া গ্রামের কিডনি রোগী সাদ্দাম বলেন, “আমি দীর্ঘদিন ধরে ডায়ালাইসিস করছি। মাসে দুইবার এ পজিটিভ গ্রুপের রক্ত লাগে। গত এক বছর ধরে সজীব ভাই-ই আমার নিয়মিত রক্তদাতা। আল্লাহ তাঁকে নেক হায়াত দান করুন।”
মুঠোফোনে সজীব জানান, “মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখতে পেরে আমি আনন্দিত। চেষ্টা করি সবসময় ভালো কাজ করার। ইনশাআল্লাহ, রক্তের প্রয়োজনে আজীবন আপনাদের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন।”
মানবতার সেবায় নিবেদিত এ তরুণের কার্যক্রম রক্তদাতাদের প্রতি মানুষের আস্থা ও অনুপ্রেরণা বাড়াচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com