নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব ২০২৫-এ স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছে নেত্রকোনা কালেক্টরেট স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মাশিয়া রহমান। মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটিতে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবটি অনুষ্ঠিত হয় ২১ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রতিযোগিতাটির আয়োজন করে ইন্দোনেশিয়ান ইয়ং সাইনটিস্ট অ্যাসোসিয়েশন (IYSA)। এতে ১১টি দেশের ৪৩৪টি দল অংশ নেয়, যার মধ্যে ২৬২টি অনলাইনে এবং ১৭২টি সরাসরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাংলাদেশের পক্ষ থেকে ‘ড্রিমস অব বাংলাদেশ’ সংগঠনের উদ্যোগে মোট ১৭টি দল (প্রায় ৭০ জন শিক্ষার্থী) অংশ নেয়। এর মধ্যে ১৪টি দল স্বর্ণপদক জিতে নেয়, যা বাংলাদেশের জন্য এক বিশাল অর্জন। মাশিয়া রহমান ‘ফেন্তম ফোর্জ’ নামক দলের সদস্য হিসেবে আইটি ও রোবোটিক্স সেগমেন্টে অংশ নেয়। তাদের উদ্ভাবনী প্রকল্প বিচারকদের প্রশংসা কুড়ায়। স্বীকৃতিস্বরূপ তিনি স্বর্ণপদকের পাশাপাশি মর্যাদাপূর্ণ ‘মাইসো অ্যাওয়ার্ড’ অর্জন করেন। নেত্রকোনার নাগড়া এলাকার মো. মজিবুর রহমান ও মাহমুদা আক্তার সুমির কনিষ্ঠ কন্যা মাশিয়া। সাফল্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার টিম, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাংলাদেশের সম্মিলিত পরিশ্রমের ফল। আমি চাই ভবিষ্যতেও উদ্ভাবনী কাজে দেশকে এগিয়ে নিতে।
দেশবাসীর কাছে তিনি দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, যাতে ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারেন।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com