কামরুল ইসলাম (প্রিমন)
কমলনগর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাসের বদলি প্রত্যাহারের দাবিতে 'মানববন্ধন' পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে বিভিন্ন পেশাজীবি ও সাধারন জনগন এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব, তোরাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন মুন্না, চরলরেন্স ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ার হোসাইন, জামায়াতের যুব বিভাগ হাজিরহাট ইউনিয়নের সভাপতি সাইফুল্লাহ মনির চরমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য তারেক রহমান রকি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও একজন সৎ অফিসার, মানবিক ও জনবান্ধব কর্মকর্তা। তিনি বন্যাকালীন সময়ে বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন। সাধারন মানুষের যে কোন বিপদ-আপদে তিনি পাশে দাঁড়িয়েছেন। তার দায়িত্বপালনকালে কমলনগরের মানুষের ব্যাপক আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
তারা আরও বলেন, ঘুষ-দুর্নীতির উর্ধ্বে থেকে তিনি উপজেলাবাসীর জন্য বিগত দুই বছর ধরে কাজ করে গেছেন। এ উপজেলা থেকে তাকে বদলি করা হয়েছে, এটা অপ্রত্যাশিত। ৫ আগস্ট আন্দোলনের পরবর্তী সময়ে যে প্রেক্ষাপট বা যে সংকট দেখা দিয়েছে, তিনি জনগণের সাথে সমন্বয় করে সেটা মোকাবিলা করতে সক্ষম হয়েছেন। এ ছাড়াও তিনি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে অনেক দুর এগিয়ে নিয়ে গেছেন। আমরা একজন যোগ্য ইউএনও পেয়েছি। আমরা চাই, তাকে এ উপজেলাতে পুনঃবহাল করা হোক।
জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু এ উপজেলা থেকে তাকে লাকসাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
এ বিষয়ে ইউএনও সুচিত্র রঞ্জন দাস বলেন, আমাকে লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে বদলী করা হয়েছে। এটা সরকারি সিদ্ধান্ত।আমরা সরকারি কর্মচারী সরকারের নীতিগত সিদ্ধান্ত আমাদের মেনে চলতে হবে। মানববন্ধনের বিষয়ে তিনি বলেন, আমার অতীত কর্মকাণ্ডে এ উপজেলার লোকজন হয়তো সন্তুষ্ট হয়ে আমাকে তাদের মাঝে রাখার জন্য মানববন্ধন করেছেন।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com