কামরুল ইসলাম
কমলনগর প্রতিনিধি: কমলনগরের প্রাণকেন্দ্র হাজিরহাট বাজারের উত্তর মাথার খালে দীর্ঘদিন ধরে চলছে দুষণ। প্রতিদিনই একটি মহল খালে ময়লা-আবর্জনা ফেলছে; শুধু তাই নয়, দিনে-দুপুরে এসব আবর্জনায় আগুন ধরিয়ে সৃষ্টি করা হচ্ছে ঘন ধোঁয়া। এতে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চারপাশের পরিবেশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খালে আগুন ধরানোর কারণে এলাকায় তীব্র ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা শিশু ও বৃদ্ধদের জন্য বিশেষভাবে ক্ষতিকর। বাজারের ব্যবসায়ীরাও বলেন, ধোঁয়ার কারণে দোকানপাটে কাজ করা কষ্টকর হয়ে পড়ে এবং ক্রেতারাও বিরক্ত হয়ে দ্রুত সরে যান।
এমন নৈরাজ্য চললেও প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ে না বলে অভিযোগ স্থানীয়দের। বারবার অভিযোগ জানানো হলেও দুষণকারী মহলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বাড়ছে জনমনে।
পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন, খালে ময়লা ফেলা ও আগুন ধরানো পরিবেশ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। অব্যাহত দুষণে খালের পানি দূষিত হচ্ছে, প্রাণী বৈচিত্র্য নষ্ট হচ্ছে এবং এলাকায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
স্থানীয়রা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে, যাতে খাল দুষণ বন্ধ হয় এবং হাজিরহাট বাজারের পরিবেশ স্বাভাবিক হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশক: রাকিব হোসেন সোহেল
কার্যালয় : রুম নং ২১, উত্তর স্টেশন মার্কেট ২য় তলা, লক্ষ্মীপুর
www.lakshmipurerkotha.com